ঘন কুয়াশায় বরগুনায় ফেরি চলাচল ব্যাহত

ডিসেম্বর ৩১ ২০২২, ১৩:২৩

আমার বরিশাল ডেস্ক,

বরগুনা প্রতিনিধি:  বরগুনার নৌরুটে নাব্য সংকট ও ঘন কুয়াশার কারণে পুরাকাটা-আমতলী, বরইতলা-বাইনচটকি ও বেতাগী-ঝালকাঠি রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশার কারণে পুরাকাটা-আমতলী ঘাটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী ট্রলারগুলোয় যাত্রীদের চলাচল করতে দেখা গেছে।

পুরাকাটা-আমতলী ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে এ ঘাটে কিছু সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ছোটবড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে ঘাট এলাকায়। এ সুযোগে ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে ট্রলারে অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল নিয়ে ট্রলার চলাচল করতে দেখা যায়।

পুরাকাটা-আমতলী রুটের ইউটিলিটি ফেরিচালক দোলন মিয়া বলেন, নাব্য সংকট ও ঘন কুয়াশার কারণে রাতে নৌযান ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। শীতকাল এলে প্রায়ই এমন হয়। তাই কুয়াশা বাড়ায় দুর্ঘটনা এড়াতে রাত থেকে এ রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....