লালমনিহাট প্রতিনিধি: লালমনিহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে বড় খাতা দোলাপাড়া সীমান্ত গরু চোরাচালানি একটি দল সীমান্তের দিকে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতেই চোরাচালানের দল ছত্রভঙ্গ হওয়ার সময় ২ জন নিহত হন। পরে তাদের সঙ্গে থাকা সঙ্গীরা তাদের দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেন।
নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুজনের লাশ নিয়ে আসা হয়েছে। এভাবে বাংলাদেশিকে প্রায় সময় হত্যা করে। আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না এটি দুঃখজনক।
বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কিছু না জানালেও হাতীবান্ধা থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বড় কথা ইউনিয়নের ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, তাদের লাশ নিজ বাড়িতে রয়েছে।
