হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

ডিসেম্বর ২২ ২০২২, ১১:০৬

আমার বরিশাল ডেস্ক,

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হোয়াইট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় তারা করমর্দন করেন এবং কিছু ছবি তুলেন। ওভাল অফিসে দুই ঘণ্টাব্যাপী তারা বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইটে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বক্তৃতা দেবেন। তিনি আশা করছেন, এই সফরের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

এ ছাড়া হোয়াইট হাউজ জানিয়েছিল, এই সফরের সময় ইউক্রেনকে নিরাপত্তা সহযোগিতা দেওয়ার জন্য একটি বেশ গুরুত্বপূর্ণ নতুন পরিকল্পনা ঘোষণা করবেন দুই দেশের নেতারা।

মার্কিন এক কর্মকর্তা বলেন, এর মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার কথাও রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি কখন এবং কীভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছেন, সেটি প্রকাশ করা হচ্ছে না তার নিরাপত্তার কথা বিবেচনা করে। সফর শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এ কথা ঘোষণা করা হয়।

আরএইচ/ আমার বরিশাল

সংবাদটি শেয়ার করুন....