গৌরনদীতে স্কুলছাত্রী অপহরণ মামলা দায়ের ॥ গ্রেফতার-১
ডিসেম্বর ২১ ২০২২, ১৯:৪৯
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগে ৪ জনের নামোল্লেখসহ ৭ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে গৌরনদী পৌরসভার উত্তর পালরদী এলাকার অপহৃতার বাবা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার আসামি মনি হায়দার (৪০)কে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. কামাল হোসেন জানান, মোটর সাইকেল প্রটোকল চালক বখাটে রাহাত সরদার (২৪) স্কুলে আসা যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। ওই স্কুলছাত্রী বাড়ি থেকে গত ১৬ ডিসেম্বর সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে ওই ছাত্রী একই এলাকার লিমনের বাড়ির সামনে পৌছলে বখাটে রাহাত সরদারের নেতৃত্বে ৬/৭ জনে ছাত্রীর পথরোধ করে। এ সময় ওই ছাত্রীকে জোরপূর্বক মাহিন্দ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনাামা আরো ২/৩ জনকে আসামি করে গতকাল বুধবার সকালে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে মামলার আসামি মনি হায়দারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে গতকাল দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে ফাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান।
