আমার বরিশাল ডেস্ক ॥ রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাক-অ্যাম্বুলেন্স ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী। আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার নেংটিছেড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান ও হাবিবুল্লা। তারা ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে মারা গেছেন আরেকজন।
আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংর্ঘষ হয়।
