বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মাননা প্রদান

ডিসেম্বর ১৬ ২০২২, ২২:০০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়িতে বাড়িতে গিয়ে সম্মাননা জানিয়েছেন বরিশালে সদ্য যোগদানকরা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি ও পোশাক প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, নগরীর পাঁচজন এবং সদর উপজেলার বাসিন্দা পাঁচজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে এ সম্মাননা জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শন ॥ মহান বিজয় দিবসে বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর ২০তম আয়োজন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধণ করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

নানা আয়োজন ॥ শহীদ ‍মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের কুচকাওয়াজের উদ্বোধণ করা হয়। এরপর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। এছাড়া নগরীদে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা পৃথক বিজয় র‌্যালি করেছে।

সংবাদটি শেয়ার করুন....