গরু চুরি করে পালানোর চেষ্টাকালে গাড়ি উল্টে ধরা পড়ল ৩ চোর!

ডিসেম্বর ১৫ ২০২২, ২১:২০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরের বোয়ালমারীতে দিনে-দুপুরে রাস্তার পাশে বাঁধা গরু পিকআপভ্যানে তুলে পালানোর সময় ধাওয়া খেয়ে গাড়ি উল্টে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন তিন চোর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- শরিফুল ইসলাম (২৩), মো. শহিদুল মোল্যা (৩০) ও মাহফুজ শেখ। এদের মধ্যে দুর্ঘটনায় আহত শরিফুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে বোয়ালমারী থানা পুলিশ।

জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে মুজুরদিয়া রাস্তার পাশে গরু বাঁধা ছিল ওই গ্রামের সুজন মোল্যা নামে এক ব্যক্তির।

এ সময় সেখানে চোর চক্র একটি পিকআপভ্যানে ওই গরুটি উঠাতে গেলে এক পথচারী দেখে চোর চোর বলে চিৎকার দেন। এ অবস্থায় চোর চক্রটি গরু রেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে।

কিছু দূর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ওই তিনজনের মধ্যে শরিফুল চাপা পড়ে। স্থানীয়রা সেখান থেকে তাদের আটক করে থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনের মধ্যে দু’জনকে আটক ও ব্যবহৃত গাড়িটিও জব্দ করে করে থানায় নিয়ে যায়। আর আহত শরিফুলকে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....