লঞ্চের আসন নিয়ে ঝগড়া: ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ডিসেম্বর ১৪ ২০২২, ১৬:১৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চে কথা কাটাকাটির জেরে বুধবার (১৪ ডিসেম্বর) সুমন গাজী নামে এক লঞ্চযাত্রীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে নৌ পুলিশ।

বুধবার সকালে সুমনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. গোলাম কাওসার হিমেল।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এমভি সোনারতরী-৩ লঞ্চের আসনে বসা নিয়ে সুমনের সঙ্গে বাবু আহমেদ নামে এক যুবকের কথা কাটাকাটি হয়।

লঞ্চটি চাঁদপুর টার্মিনালে পৌঁছলে বাবু আহমেদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালায়। এ ঘটনার পরপরই নৌ পুলিশ অভিযান চালিয়ে জড়িত মোট ৯ জনের মধ্যে আটজনকে আটক করেছে বলেও জানা তিনি।

নিহত সুমন গাজী (৩৪) চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকার ইউসুফ গাজীর ছেলে। তিনি ঢাকায় আসবাবপত্র তৈরির কারিগর ছিলেন। মাত্র কয়েক মাস আগে সুমন বিয়ে করেন। তার পরিবারে বৃদ্ধ বাবা-মা এবং তিন ভাই-বোন রয়েছে।

ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....