দশমিনায় পাঁচটি অবৈধ বাঁধ কাটলেন ইউএনও!
ডিসেম্বর ১৪ ২০২২, ০০:২০
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধিঃ অবৈধ বাঁধ কেটে দিয়ে কয়েক গ্রামের জলাবদ্ধতা দূর করলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল । মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলার ৫নং বহরমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এ অভিযান চালান তিনি।
জানা যায়, বর্ষাকালে ভারি বর্ষণের ফলে বহরমপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ফসল তলিয়ে যায়। দেখা দেয় জলাবদ্ধতা।
এ সময় ইউনিয়নের উঃ আদমপুর ৫নং ওয়ার্ডের হাফিজিয়া মাদরাসার পশ্চিম পার্শ্বের খালের বাধ,একই ওয়ার্ডের রিয়াজমুন্সী বাড়ীর পূর্ব পার্শ্বের খালের বাদ, ৪নং ওয়ার্ডের মাওলানা মোখলেছুর রহমান মল্লিক বাড়ির দরজার খালের বাধ, হারেজ মল্লিক বাড়ির খালের বাধ এবং হাসেম মল্লিক বাড়ির গুরুত্বপূর্ণ ডাঙ্গিখালে বাঁধ দেয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রবি মৌসুমে ফসল ফলাতে পারছে না স্থানীয় কৃষকেরা।
এলাকাবাসীর কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পেয়ে ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় বাঁধগুলো কেটে দেন। একই সঙ্গে তিনি খাল দখলকারীদের আর বাঁধ না দেওয়ার নির্দেশ দেন।
স্থানীয় একজন কৃষক বলেন, এসব খালের বাঁধ কেটে দেয়ায় জমি চাষাবাদে আর সমস্যা নেই। আমরা অনায়সে জমি চাষাবাদ করতে পারবো। তিনি আরো বলেন, বাধ কাটায় কৃষকদের মাঝে আনন্দের বন্যা বইছে। পানি নেমে যাচ্ছে।
এ সময় বহরমপুরের ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ বলেন, বহরমপুর ইউনিয়নের প্রায় ৫০০০ কৃষক এখন রবি মৌসুমে চাষাবাদের সুযোগ পাবে। বাধ কাটার সময় কিছু মানুষের প্রতিক্রিয়া দেখা গেলেও তেমন কোনো সমস্যা হয়নি।
ইউএনও জানান, কয়েকটি গ্রামে খালগুলোতে বাঁধ দেওয়ার ফলে সৃষ্ট জলাবদ্ধতায় এলাকার মানুষের অসুবিধা হচ্ছিল। তাই এসব অবৈধ বাঁধ কেটে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে যারা এ ধরনের সমস্যা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
