বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি

ডিসেম্বর ১১ ২০২২, ১৭:৪৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখযোগ্য অনুষ্ঠান সূচির মধ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে একত্রিশ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

 

সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭টায় বধ্যভুমি অভিমুখে পদযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭টা ১৫ মিনিটে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম এর কবর জিয়ারত ও দোয়া করা হবে।

 

সকাল ১০ টায় বরিশাল নগরের লঞ্চঘাট, ত্রিশ গোডাউন, বঙ্গবন্ধু উদ্যান এবং অভিরুচি সিনেমা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। একই সময় আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় লেডিস ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হবে। হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার ও দু:স্থ মহিলাদের আশ্রয়কেন্দ্রসহ অনুরূপ প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বিজয় দিবসের আয়োজনের মধ্যে আরও রয়েছে ১৬ ডিসেম্বর বিকাল আড়াইটায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা। বিকেল ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফেরাত, জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হবে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সংবাদটি শেয়ার করুন....