শীতের সবজিতে বাজার ছেয়ে গেলেও বরিশালে দাম চড়া
ডিসেম্বর ০৯ ২০২২, ১৭:৩০
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর বাজার গুলোতে শীতের সবজিতে ছেয়ে গেছে। তবে দাম মৌসুম অনুযায়ী কমেনি বলে ক্রেতাদের অভিযোগ। এদিকে দাম নিয়ে বিক্রেতারা বলছেন, ডলারের দাম, চলমান পরিবহন ধর্মঘট, আর সিন্ডিকেটের প্রভাবে দাম কিছুটা বেশি।
তবে এই দাম আগামী সপ্তাহে কমবে বলে জানান তারা। শুক্রবার (৯ ডিসেম্বর) নগরীর নতুন বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ৫-১০ টাকা। আকার ভেদে বাধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। পিয়াজ কলি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজি। মুলা ৩০,শালগম ৩০,সিম ৪০,পুরান আলু ২৫ টাকা, নতুন আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুদি বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে ১-২ টাকা। দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১০৫ টাকা।
ভারতীয় মসুরের ডালের কেজি ১৩০টাকা। বাজারে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। মুদি বিক্রেতা মোঃহাবিব জানান, দাম ওঠা নামা করছে হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে ঠিক হতে পারে। চিনি এখনো এক-দুই দোকান খুঁজে কিনতে হচ্ছে বলে জানান সাধারণ ক্রেতারা।তবে খোলা চিনি ১১০ টাকা করে পেলেও আরদাররা মেমো দেয় না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্যদিকে আজকের বাজারে মুরগীর দাম বাড়লে ও ডিমের দাম আগের মতই আছে দেখা যায়।
বিয়ে ও নানা বড় আয়োজনের সময় এখন আর তাই মুরগির চাহিদা বেড়েছে। সাথে বেড়েছে দামও। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ এবং সোনালি ২৬০ টাকায় পাওয়া যাচ্ছে।ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা হালি। অন্যদিকে মাছের বাজারেও যোগান কম রয়েছে বলছেন মাছ বিক্রেতারা, আর তাই দাম বেশি।
এই দাম খুব শিগগির কমবে না বলেও জানান তারা। ক্রেতার জানান,সব ধরনের পণ্যের দাম বাড়তি। আমাদের মত মধ্যবিত্তরা ও নিম্নবিত্তদের অবস্থা খুবই খারাপ। সংসারের খরচ কমাতে কমাতে আর পারছি না।এখনকার বাজারের যে অবস্থা এখন হয়তো একবেলা না খেয়ে থাকবে হবে। এরকম পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা।
